সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন রোগী আক্রান্ত হয়েছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, গত দুই মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৮৫ জন শিশু, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) হয়েছে ৮ হাজার ৩২৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৪০ জন রোগী।প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হামে ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ২১০ জন এবং আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ২১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। তারা অভিভাবকদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।