হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

চন্দন মিত্র,জেলা প্রতি‌নি‌ধি, দিনাজপুর প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। ঘটনায় এক শিক্ষকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেই উত্তেজনা টিএসসি এলাকার সামনে গিয়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় দুই পক্ষের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে নূর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, বর্তমানে দুই পক্ষের সংঘর্ষ আপাতত থেমে গেছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।