চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এজহার মিয়া ফাউন্ডেশন অসহায়, দুস্থ ও মুমূর্ষু রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে কাঞ্চনা ইউনিয়নের লতাফির বাজারে অবস্থিত ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, পরিচালক শাহজাহান, উপদেষ্টা ডা. সরওয়ার জামান, উপদেষ্টা নুরুল আলম, উপদেষ্টা সামশুল আলম, ডা. আবদুর হামিদ, কাইনাত হাসান, মাওলানা ইলিয়াস, ছাত্রনেতা রোমন, আরমান হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, “মানবসেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। কাঞ্চনা ইউনিয়নের কোনো অসহায় মানুষ যেন অক্সিজেনের অভাবে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। জরুরি মুহূর্তে আমাদের টিম রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে প্রস্তুত থাকবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও কল্যাণে ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা মো. আবদুর রহিম বলেন, “জরুরি মুহূর্তে শহর বা উপজেলা হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টসাধ্য ও ব্যয়বহুল। ঘরের কাছে বিনামূল্যে এই সেবা চালু হওয়ায় এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ অনেক উপকৃত হবে।”
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই এজহার মিয়া ফাউন্ডেশন কাঞ্চনা ইউনিয়নসহ আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে করোনাকাল, রমজান মাস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্যসামগ্রী বিতরণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে।