খুলনার পাইকগাছা উপজেলায় মিন্টু গাজী (৪০) নামে এক গ্রাম পুলিশ বিষ পান করার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু গাজীর স্ত্রী প্রায় ৩-৪ মাস আগে পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়ে যশোরে চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং স্ত্রীকে ফিরে পাওয়ার আশা নিয়ে হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই পারিবারিক সংকট ও মানসিক যন্ত্রণাই তাকে আত্মহননের দিকে ঠেলে দিয়েছে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রথমে মিন্টু গাজী বিষ পান করেন। বিষক্রিয়ার যন্ত্রণায় ছটফট করার সময় তিনি মাছ ধরার ঘেরে ব্যবহৃত নেট গলায় পেঁচিয়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণেই তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা মিন্টু গাজীর এমন মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।