চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত ২টা ২০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অবস্থিত আমবাগানে তল্লাশি চালায়।
অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ওই আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘Eskuf’ উদ্ধার করা হয়, যা ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত সিরাপগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।