রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে কালশী রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় এলাকাবাসী রাস্তায় নেমে এসে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এর আগে একই দিন সকালে পল্লবীর রামিসার বাসার সামনে সহপাঠী ও এলাকাবাসী বিক্ষোভ করেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তির দাবি তোলেন।

এদিকে, এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগও। সমাবেশে বক্তারা জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনার তদন্তে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পাশাপাশি দ্রুত বিচার সম্পন্ন করার দাবি আরও জোরালো হয়েছে।