রামিসা হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন ইমরুল কায়েস

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে সাত বছরের স্কুলছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের প্রতিক্রিয়া চলছে। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী ও তারকা ব্যক্তিরা।

এ ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বৃহস্পতিবার (২১ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে তিনি ঘটনার বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তার পোস্টে তিনি লিখেছেন, দেশে শিশুদের নিরাপত্তা এখন চরম ঝুঁকিতে পড়েছে। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। এমনকি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে একটি কক্ষে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তার মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। তবে মামলার আরেকজন অজ্ঞাত আসামি এখনো পলাতক রয়েছে।

ঘটনার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (২০ মে) রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়। এদিকে এই ভয়াবহ হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবি জোরালো হচ্ছে এবং দ্রুততম সময়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি উঠছে।