রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনের পর সংঘটিত ধর্ষণ ও হত্যার মতো সব গুরুতর ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। শিশু রামিসা হত্যার ঘটনায়ও ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দৃষ্টান্তমূলক বিচার হবে।”
বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দীর্ঘ হয়, তবে সেটি আদালতের বিষয়। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার সময় এখনো অল্প। আইন সংস্কারের কাজ চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কিছু সংশোধন আনা হবে। তবে খুব দ্রুত বিচারের নামে যেন কোনো অবিচার না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
এদিকে সকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মাগুরার আছিয়া ও ঢাকার রামিসার মতো ঘটনা দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করা গেলে ভুক্তভোগী পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে আট বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি শিশু রামিসাকে হত্যা করার কথা স্বীকার করে জবানবন্দি দেন।