রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সন্ধ্যার পর সচিবালয়ের জনপ্রশাসন সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ করে তিনি সরাসরি পল্লবীর উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।
এদিকে রামিসা হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের মধ্যে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার পরপরই মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (২০ মে) তিনি রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন বলে জানানো হয়।
সরকার জানিয়েছে, এ ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। রামিসার মৃত্যুতে রাজধানীর পল্লবী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।