রক্তপাতহীন ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করা হবে। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনকে বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই।” তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজন করা সম্ভব হলেও স্থানীয় সরকার নির্বাচন আরও বেশি চ্যালেঞ্জপূর্ণ হয়ে ওঠে। এ ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, বর্তমান সরকারের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পরিচালিত হওয়ায় নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সেটিই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবিলা করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
এদিকে একই অনুষ্ঠানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত নয়। তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের তুলনায় সাম্প্রতিক নির্বাচনগুলো তাৎপর্যপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। তিনি আরও বলেন, এসব নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ছিল, কারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।