সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন ১৬ বছর বয়সী এক কিশোরী। বুধবার (২০ মে) বিকেল থেকে তিনি উপজেলার তালম ইউনিয়নের তালম শাহীপাড়া গ্রামের প্রেমিক রাফির বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, প্রেমিক রাফি ইসলাম (১৮) ও ওই কিশোরীর মধ্যে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুমের কাছে দুজনকে একসঙ্গে দেখে বিষয়টি জানাজানি হলে তাদের সম্পর্কে চাপ সৃষ্টি হয়। এরপর থেকেই প্রেমিকের সঙ্গে মেয়েটির যোগাযোগ কমে যায় এবং একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়।
বিয়ের দাবি জানিয়ে প্রেমিকের বাড়িতে গেলে রাফি বাড়ি থেকে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকেই প্রেমিকার অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। ওই কিশোরী দাবি করেন, রাফি তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখে এবং একাধিকবার শারীরিক সম্পর্কের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন, “বিয়ে না হওয়া পর্যন্ত আমি কিছু খাব না।”
এদিকে, মেয়েটির অনশনের কারণে পুরো এলাকায় উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করছেন। অভিযুক্ত রাফির বাবা মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি সমাধানের জন্য পারিবারিকভাবে আলোচনা ও মীমাংসার চেষ্টা চলছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, অনশনের খবর পাওয়ার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে এবং স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে।