বিএনপি কার্যালয়ে হামলার পর যুবদলকর্মীকে গুলি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

খুলনা মহানগরীর পুটিমারি বাজার এলাকায় অস্ত্রধারীদের গুলিতে যুবদলকর্মীসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের পুটিমারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদলকর্মী মো. মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কয়েকজন অস্ত্রধারী মোটরসাইকেলে করে ওই এলাকায় আসে। তারা প্রথমে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে মাসুম শেখের সঙ্গে কথা বলে। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে তারা গুলিবর্ষণ শুরু করে।

এ সময় প্রথম গুলি মাসুম শেখের কোমরের নিচে ডান পাশে লাগে। পরে দ্বিতীয় দফায় ছোড়া গুলিতে জাহিদ হোসেনের ডান হাতের বাহুতে গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।