বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার (২০ মে) দুপুর থেকে পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা হয়।

বুধবার রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেরামত কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়। প্রথম পর্যায়ে ইউনিটটিতে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে রাত ১০টা পর্যন্ত উৎপাদন বেড়ে ৭০ থেকে ৮০ মেগাওয়াটে পৌঁছায়।

তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় মাস ২০ দিন ধরে তৃতীয় ইউনিটটি বন্ধ ছিল। মেরামত শেষে ইউনিটটি আবার চালু করা হয়েছে।

কর্তৃপক্ষ আশা করছে, ২১ মে থেকে এই ইউনিট থেকে ১৫০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২৫০ মেগাওয়াট পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ইউনিটটি পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে।

উল্লেখ্য, দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।