পুইছড়ি ছোবহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মূল্যায়ন রিপোর্ট কার্ড বিতরণ

বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী পুইছড়ি ছোবহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ এবং “প্রথম প্রান্তিক মূল্যায়ন-২০২৬” এর অগ্রগতি রিপোর্ট কার্ড বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে মূল্যায়ন প্রতিবেদন তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সমাবেশে প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আমির হোসেন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, একটি শিশুকে আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি অভিভাবকদের নিয়মিত সন্তানদের বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনা ও আচরণের খোঁজ রাখা এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।

প্রধান শিক্ষক আরও জানান, “প্রথম প্রান্তিক মূল্যায়ন-২০২৬” এর রিপোর্ট কার্ড অভিভাবকদের বাসায় পর্যালোচনা করে স্বাক্ষরসহ তিন কার্যদিবসের মধ্যে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে।

এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বাড়ির কাজ সম্পন্ন করা, শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের মা সমাবেশ শিক্ষক-অভিভাবকের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।