পাকিস্তানে আল-বদর কমান্ডারকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী আল-বদরের শীর্ষ অপারেশনাল কমান্ডার আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মুজাফফরাবাদ এলাকায় অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বুরহান হামজা দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত ছিলেন বলে দাবি করা হচ্ছে।

নিরাপত্তা সংস্থার সূত্রের বরাতে আরও জানানো হয়, তিনি জম্মু ও কাশ্মীরে বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন এবং তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করতেন।

জানা গেছে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরার বাসিন্দা আরজামান্দ গুলজার প্রায় সাত বছর আগে পাকিস্তানে যান এবং পরে আল-বদরে যোগ দেন। ধীরে ধীরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে তিনি অপারেশনাল কমান্ডারের অবস্থানে পৌঁছান। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সাল থেকে পাকিস্তান ও পিওকে অঞ্চলে লস্কর-ই-তইবা (এলইটি), জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও হিজবুল মুজাহিদিনসহ একাধিক সংগঠনের অন্তত ৫০ জনের বেশি শীর্ষ কমান্ডার অজ্ঞাত হামলায় নিহত হয়েছেন।

এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে লস্কর-ই-তইবার এক শীর্ষ কমান্ডারও একই ধরনের হামলায় নিহত হন। মার্চ মাসে লাহোরে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপরও হামলার ঘটনা ঘটে, তবে তিনি তখন বেঁচে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি এবং তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।