“নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০ মে,২০২৬ উদযাপন করা হয়েছে। বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।
সভায় স্বাগত বক্তব্য ও বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) জয়দেব রাজবংশী।
বক্তারা বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়িক স্বচ্ছতা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে সঠিক পরিমাপ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যে আস্থা তৈরি এবং প্রতারণা রোধে নির্ভুল ওজন ও পরিমাপ নিশ্চিত করা জরুরি।
তারা ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান মালিকদের বিএসটিআই-এর নিয়মনীতি মেনে আন্তর্জাতিক মানসম্মত পরিমাপ পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প, জুয়েলারি প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেকারি ও মিষ্টি ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
ব্যবসায়ী প্রতিনিধিরা এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা প্রশাসন ও বিএসটিআইকে ধন্যবাদ জানিয়ে পটুয়াখালীকে একটি সুশৃঙ্খল ও আদর্শ বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।