নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দিবাগত রাত ১টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওসমান গনি (৪০) উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একদল দুর্বৃত্ত ওসমান গণির ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।