ঠিকাদারের গাফলতিতে কলমাকান্দায় ঝরে গেল শিশুর প্রাণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঠিকাদারের অবহেলা ও নিরাপত্তাহীনভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে ইউসুফ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের আগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ফকির চান্দুয়াইল গ্রামের আব্দুল সাত্তারের কনিষ্ঠ ছেলে এবং স্থানীয় ফকির চান্দুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বেতুয়া-ফকির চান্দুয়াইল সড়কের উন্নয়নকাজ চলছিল। কাজের সুবিধার্থে ঠিকাদার ঘটনাস্থলে একটি অস্থায়ী ঘর নির্মাণ করেন। পরে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে নেওয়া হলেও রাস্তার কাজে ব্যবহারের জন্য কয়েকটি ভারী সিমেন্টের পিলার খুঁটির সঙ্গে হেলান দিয়ে রাখা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিশু ইউসুফ সেখানে খেলাধুলা করছিল। হঠাৎ একটি পিলার তার ওপর পড়ে গেলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসাদ সারোয়ার সামিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে একটি নিষ্পাপ প্রাণ ঝরে গেল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঠিকাদারের নিযুক্ত প্রতিনিধি মানিক সাহার বক্তব্য পাওয়া যায়নি। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।