“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ সমাপ্ত হয়েছে। গত ১৯ মে শুরু হওয়া এই মেলা বৃহস্পতিবার (২১ মে) জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন)-এ সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। সমাপনী দিনে “আধুনিক ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক অধিকার” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি, আর সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রকিবুল হাসান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।
সেমিনারে বক্তারা বলেন, সরকার ভূমি সেবাকে সম্পূর্ণ অটোমেটেড ও ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এখন প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থান থেকে দ্রুত ভূমি সেবা পাওয়া সম্ভব। তারা জানান, হটলাইন ১৬১২২, আন্তর্জাতিক নম্বর +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২, “Bhumi” মোবাইল অ্যাপ, land.gov.bd পোর্টাল এবং সরকারি ফেসবুক পেজের মাধ্যমে নাগরিকরা সহজেই সেবা ও তথ্য নিতে পারেন।
তিন দিনের এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাগ্রহীতারা তাৎক্ষণিক তথ্য ও ই-সেবা গ্রহণের সুযোগ পান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) শাহরিয়ার তানভীর আহমেদ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে স্থানীয় কবি ও সাংবাদিক ফারুক আহমেদ সূর্যের “ডিজিটাল ভূমি সেবা” শিরোনামের কবিতা পাঠ করা হয়। পরে স্কুল–কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছা: স্নেহা পারভিন প্রথম, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ণব সরকার দ্বিতীয় এবং একই বিদ্যালয়ের মুজতানিবা ফায়রুজ আরবা তৃতীয় স্থান অর্জন করে।
অন্যদিকে কলেজ পর্যায়ে লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার মোছা: আতকিয়া রহমান সাইমা প্রথম, লালমনিরহাট সরকারি কলেজের মো: নিশাদ আল উৎসব দ্বিতীয় এবং মোছা: সাদিয়া আক্তার তৃতীয় স্থান লাভ করেন। মেলায় চমৎকার ও কার্যকর সেবা প্রদর্শনের জন্য লালমনিরহাট সদর পৌর ভূমি অফিসকে ‘শ্রেষ্ঠ স্টল’ হিসেবে নির্বাচিত করা হয়। পুরস্কার গ্রহণ করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: শাহাবুল আলম।