রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে সারাদেশে শোক, ক্ষোভ ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিচার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজের শৈশবের এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পোস্টে তিনি লেখেন, কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শেখে। তিনি জানান, ছোটবেলায় তিনিও অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন, যা তখন বুঝে উঠতে না পারলেও পরবর্তীতে গভীর মানসিক প্রভাব ফেলেছে। এমন ঘটনা দেখলে তিনি ভেতর থেকে ভেঙে পড়েন বলেও উল্লেখ করেন তিনি।
প্রিয়ন্তি উর্বী আরও লেখেন, ছোট শিশুদের ওপর এমন সহিংসতা ও নির্যাতনের ঘটনায় তাদের মানসিক নিরাপত্তা, বিশ্বাস ও শৈশব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এসব অপরাধের জন্য কঠোর শাস্তির প্রয়োজন রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন। তার ভাষায়, এমন অপরাধের বিচার অবশ্যই দৃষ্টান্তমূলক হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।
পোস্টের শেষ অংশে তিনি তার বাবার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি লেখেন, শুটিং ও ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে নিজেকে একা মনে হয় এবং এমন এক জায়গায় হারিয়ে যেতে ইচ্ছা করে যেখানে কেউ তাকে চেনে না—যেখানে হয়তো কিছুটা শান্তি পাওয়া যেতে পারে।
রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এমন আবেগঘন প্রতিক্রিয়া শোবিজ অঙ্গনসহ সমাজের বিভিন্ন স্তরে আলোচনার জন্ম দিয়েছে।