নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর ছবি আঁকা এবং নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
বুধবার (২০ মে) রাত ১১টার দিকে হলের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে রাত ১২টার দিকে তারা আন্দোলন স্থগিত করেন।
শিক্ষার্থীরা জানান, গত প্রায় দুই সপ্তাহ ধরে হলের ছাদ সংস্কারের কাজ চলছিল। কাজ শেষ হওয়ার সময় এক নির্মাণ শ্রমিক হলের পেছনের ব্লকের ছাদে কুরুচিপূর্ণ ছবি আঁকেন বলে অভিযোগ ওঠে। বুধবার সকালে বিষয়টি প্রথম নজরে আসার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তাদের অভিযোগ, নির্মাণ কাজে নিয়োজিত কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে ছাত্রীদের উদ্দেশে অশোভন আচরণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আসছিলেন। এ ঘটনায় হলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায় বলে জানান তারা।
রাতে শিক্ষার্থীরা হলের মূল ফটকে অবস্থান নিয়ে দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান। পাশাপাশি হলের নিরাপত্তা জোরদার, বহিরাগত শ্রমিকদের কঠোর নিয়ন্ত্রণ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন তারা।
পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট আব্দুল কাইয়ুম মাসুদ জানান, সকালে বিষয়টি জানার পরই প্রশাসন ও প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তাৎক্ষণিকভাবে দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে দেয়াল থেকে ছবিটি মুছে ফেলা হয়।
তিনি আরও বলেন, রাতের বিক্ষোভের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২১ মে) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করা হবে এবং সেখানে সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।