গাছের সঙ্গে বাঁধা দেহ, পায়ের কাছে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি গাছের সঙ্গে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় এক মধ্যবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে বিচ্ছিন্ন মাথা পড়ে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকা থেকে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির পরনে প্যান্ট থাকলেও শরীরে কোনো জামা ছিল না। তার বুকেও কোপের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও থেকে এনে নির্জন এলাকায় গাছের সঙ্গে বেঁধে হত্যা করা হতে পারে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলটি দুর্গম ও প্রত্যন্ত এলাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরে থেকে এনে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের পর ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।