বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি, নসরতপুর, সান্তাহার, শাওইল, কুন্দগ্রাম ও চাঁপাপুরসহ বিভিন্ন হাটে খাজনার মূল্য তালিকার চার্ট টাঙানো হয়। একই সঙ্গে হাট ইজারাদারদের অতিরিক্ত খাজনা আদায় না করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
স্থানীয়দের মতে, প্রতি বছর কোরবানির পশুর হাটে নির্ধারিত হারের চেয়ে বেশি খাজনা আদায়ের অভিযোগ উঠে। অতীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার আগেভাগেই প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ায় ক্রেতা-বিক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।
প্রকাশিত খাজনা অনুযায়ী, ১ লাখ টাকার বেশি মূল্যের বড় গরুর জন্য খাজনা ৮০০ টাকা, ১ লাখ টাকার নিচের ছোট গরুর জন্য ৬০০ টাকা, প্রতিটি মহিষের জন্য ১ হাজার টাকা, ঘোড়ার জন্য ৫০০ টাকা এবং খাসি, ছাগল ও ভেড়াসহ ছোট পশুর জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন জনগণের স্বার্থ রক্ষায় হাটে নজরদারি অব্যাহত রাখবে।