টাঙ্গাইলের মির্জাপুরে অপু মণ্ডল শুভ (২৩) নামে এক যুবক হাত কেটে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অপু মণ্ডল শুভ দেলদুয়ার উপজেলার উখিল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি পরিবারসহ মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার গন্তব্যপাড়ায় ফারুক হোসেনের ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অপু বাসা থেকে বের হন। পরে রাত আড়াইটার দিকে সোহাগপাড়া বাজার এলাকায় ধারালো চাকু দিয়ে নিজের হাত কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপু মণ্ডল নামে এক যুবক নিজের হাত কেটে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।