নলডাঙ্গা খাদ্য গুদামে বোরো মৌসুমে অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযান শুরু

সাদুল্লাপুর প্রতিনিধি, মোজাহিদুল ইসলাম প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা সরকারি খাদ্য গুদামে চলতি ২০২৫–২০২৬ বোরো মৌসুমে অভ্যন্তরীণ চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, নলডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল হাসান, ধান-চাল ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিন ও দীপু মহন্ত। এছাড়া সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন, প্রেসক্লাব সাদুল্লাপুরের কোষাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও খাদ্য গুদামের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নলডাঙ্গা খাদ্য গুদামে সরকার নির্ধারিত প্রতি কেজি ৪৯ টাকা দরে প্রায় আড়াই হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে এই সংগ্রহ কার্যক্রম কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত ও খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।