ঢাকার রাস্তায় রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় প্রতীকীভাবে রিকশা চালালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে তিনি এই অংশগ্রহণ করেন।

বুধবার (২০ মে) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত লাল, সাদা ও নীল—যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙে সাজানো বিশেষ ৫০টি রিকশা উদ্বোধন করেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে এই আয়োজন করা হয়।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, রিকশা বাংলাদেশের সংস্কৃতির একটি অনন্য অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এই লোকশিল্পকে যুক্ত করতে পেরে তারা আনন্দিত। তার মতে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ও বন্ধুত্বের প্রতীক।

উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, রিকশা কারিগর এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষভাবে সাজানো রিকশাগুলো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত নিজেই একটি রিকশায় চড়ে বারিধারা কূটনৈতিক এলাকার সড়ক প্রদক্ষিণ করেন এবং স্থানীয় রিকশাচালকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দূতাবাসের কর্মকর্তারা জানান, এই ধরনের সাংস্কৃতিক আয়োজন দুই দেশের সম্পর্ককে আরও গভীর করতে সহায়তা করবে এবং সাধারণ মানুষের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের একটি মানবিক সংযোগ তৈরি করবে।