সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের নীরবতার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং সীমান্তে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। তার মতে, এসব বন্ধ করতে হলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, সীমান্তে হত্যার ঘটনায় বিজিবির ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে সরকারি প্রেস রিলিজকে বিএসএফের বক্তব্যের অনুলিপি বলে মন্তব্য করেন তিনি।
নাসির উদ্দীন পাটোয়ারী দাবি করেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রবাহের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা চলছে, আর সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে।
তিনি সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে প্রতিটি সীমান্ত নিহত পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।