সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলি ছোড়ার ঘটনার জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১৮ মে) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ মে) বিজিবি-৪৮ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়। এতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। বিজিবি বলছে, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।