লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকার।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে ফিরে আসা অধিকাংশ বাংলাদেশিই দালাল চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তারা নানা ধরনের দুর্ভোগের শিকার হন। অনেকেই অপহরণ, নির্যাতন ও মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
দেশে ফেরার পর বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিতদের প্রাথমিক চিকিৎসা, খাবার, দেশে ফেরার যাতায়াত খরচ এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসন ও মানবপাচারের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা সমাজের সামনে তুলে ধরতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার ও ক্যাম্পে আটকে থাকা অন্যান্য বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেও বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।