কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা’র প্রত্যয়ে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর (এমপি)।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপি’র প্রতিনিধি ড. নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহাজান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু দাউদ, সদস্য সচিব নূর আলম তাসফের, ভেড়ামারা থানার এসআই ময়নুল ইসলাম, সাংবাদিক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল গফুর বলেন, ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী। তাই ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো নাগরিক হয়রানির শিকার না হন।
তিনি আরও বলেন, ভেড়ামারা উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষের জন্য দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।