জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে সারাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময়ে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী একযোগে মেলার কার্যক্রম শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা। এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো।
বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকদের আধুনিক ও অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবাগ্রহণ সহজ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইনে ঘরে বসে কীভাবে ভূমিসেবা পাওয়া যায়, সে বিষয়েও সাধারণ মানুষকে ধারণা দেওয়া হচ্ছে।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে এবং জনগণের ভোগান্তি কমবে।