ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ‘৫ টাকার মালাই’ অবাধে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোনো ধরনের সরকারি অনুমোদন, লাইসেন্স কিংবা খাদ্য নিরাপত্তা সনদ ছাড়াই দুধজাত এ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, অপরিষ্কার পাত্রে তৈরি এসব মালাই খোলা অবস্থায় সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। পণ্যে নেই কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ, লেবেলিং বা মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। কম দামের কারণে স্কুলপড়ুয়া শিশুরাই এসব পণ্যের প্রধান ক্রেতা হওয়ায় জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, অনিরাপদ পরিবেশে প্রস্তুত দুধজাত খাবারে ক্ষতিকর জীবাণু জন্ম নিতে পারে, যা ডায়রিয়া, ফুড পয়জনিংসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। দীর্ঘমেয়াদে এর প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো অভিযান বা তদারকি লক্ষ্য করা যায়নি। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তারা দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা, লাইসেন্স যাচাই এবং অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্টদের আশঙ্কা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান জোরদার না হলে যেকোনো সময় জনস্বাস্থ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।