নওগাঁয় চালককে মারধরের প্রতিবাদে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নওগাঁয় বাস চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে নওগাঁ বাস চালক সমিতি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা কাউন্টার এলাকায় অপেক্ষা করতে দেখা যায়।

শ্রমিকদের দাবি, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁ বাসস্ট্যান্ডে পৌঁছালে যাত্রী নামানোর পর বাস ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক চালককে মারধর করেন। পরবর্তীতে কাউন্টারে গিয়েও হামলা ও ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তারা। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান শ্রমিকরা।

এদিকে বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গাইবান্ধাগামী যাত্রী হাবিবুর রহমান জানান, আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন তিনি। একইভাবে জরুরি কাজে ঢাকা যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রী মুনিরা আক্তারও ক্ষোভ প্রকাশ করেন।

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একটি বাস কাউন্টারের স্টাফদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।