জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল কেনিয়া, সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াজুড়ে ভয়াবহ বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে শুরু হওয়া এই সহিংসতায় দেশটির জনজীবন কার্যত অচল হয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার (১৮ মে) সকাল থেকেই রাজধানী নাইরোবিসহ বিভিন্ন শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরাও ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া সহিংসতার ঘটনায় সারা দেশে অন্তত ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অপরাধী চক্র ও রাজনৈতিক গোষ্ঠী সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে নাইরোবি ও মোম্বাসাসহ বড় শহরগুলোর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গণপরিবহন বন্ধ থাকায় অনেক মানুষকে দীর্ঘ পথ হেঁটে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা যায়। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ে।

পরিবহন শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, সম্প্রতি সরকার এক ধাপে জ্বালানির দাম ২৪ শতাংশ এবং পরে আরও প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি করেছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় হঠাৎ করেই বেড়ে গেছে। তারা দ্রুত এই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তবে সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা। যদিও বিশ্লেষকদের মতে, লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে এবং পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।