গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২ নম্বর নলডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ৩ হাজার ৭৮৭টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৮টায় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর। এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপকারভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার ও নলডাঙ্গা ইউনিয়নের ট্যাগ অফিসার নাজমুজ্জামান সরকার, ইউপি সচিব আব্দুল ওয়াহাব সরকার, সহকারী সচিব রুবেল মিয়া, ইউপি সদস্য শুক্কুর আলী, আব্দুল শেখ, ইমতিয়াজ আহমেদ নাহিদ, মহির উদ্দিন ব্যাপারীসহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঈদ-উল আযহার উপহার হিসেবে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।