চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত রোববার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার রাশেদ কামালের ছেলে। তিনি আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং মাদরাসার আবাসিক হলে অবস্থান করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বটতলী স্টেশন থেকে সিএনজিচালিত টেক্সিযোগে মাদরাসার আবাসিক হলে ফিরছিলেন তামিম। পথে পল্লী বিদ্যুৎ অফিস এলাকার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী ‘হানিফ পরিবহন’-এর একটি বাসের সঙ্গে টেক্সিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার তীব্রতায় তামিম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করে। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।