রাতে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, উপস্থিত থাকবেন ৭০০ সাংবাদিক

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা—এরপরই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত এই ঘোষণা ঘিরে ইতোমধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে নেইমারকে দলে রাখা হবে কি না—এই প্রশ্নেই এখন উত্তাল ফুটবল মহল।

বাংলাদেশ সময় সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টায় রিও ডি জেনেইরো-এর বিখ্যাত মিউজিয়াম অব টমোরো-তে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর বরাতে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো জানিয়েছে, এই ঘোষণাকে কেন্দ্র করে বিশ্বের ১৩টি দেশের প্রায় ৭০০ সাংবাদিক ব্রাজিলে পৌঁছেছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হয়েছে। মূল মঞ্চে প্রায় এক হাজার অতিথি ও আমন্ত্রিত ব্যক্তির বসার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে সাংবাদিক, পৃষ্ঠপোষক ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এছাড়া আলাদা একটি অডিটোরিয়ামে আনচেলত্তি সংবাদ সম্মেলন করবেন, যেখানে ৩৪০টি আসনের ব্যবস্থা রয়েছে। সেখানে সাংবাদিকদের জন্য বিশেষ নিয়মও প্রযোজ্য করা হয়েছে। ক্যামেরাপারসন ও সাউন্ড টেকনিশিয়ানদের নির্ধারিত স্থানে সরঞ্জাম বসাতে হবে এবং প্রতিটি টিভি চ্যানেলকে একটি করে ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নেইমারের ভবিষ্যৎ। ইনজুরি ও ফর্ম নিয়ে বিতর্কের কারণে তিনি দলে থাকবেন কি না, তা নিয়েই চলছে জোর আলোচনা।

সিবিএফ জানিয়েছে, ব্রাজিলের বাইরে আরও ১৩টি দেশের সাংবাদিকরা এই ইভেন্ট কাভার করতে নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, জাপান, রাশিয়া এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশ।

ফুটবলবিশ্বের নজর এখন একটাই দিকে—আনচেলত্তির ঘোষিত তালিকায় কারা থাকছেন, আর নেইমার কি শেষ পর্যন্ত জায়গা পাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে।