বাঁশখালীতে দেশীয় মদসহ গ্রেফতার, মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বানীগ্রাম এলাকায় দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিশেষ অভিযান পরিচালনার পর ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মে ২০২৬ খ্রি. সোমবার দুপুর ১২:৩০ মিনিটে বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের বানীগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৫০ মিলিলিটার দেশীয় মদসহ কৃষ্ণ দাস গুপ্ত (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং তার পিতার নাম বানেশ্বর দাস গুপ্ত।

আটককৃতকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হলে মোবাইল কোর্ট ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রবিউল হক ও সেকেন্ড অফিসার আরিফ হোসেন বলেন, “মাদক ও অবৈধ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।”