বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দুই যমজ ভাই মো. আতিকুর রহমান ও মো. আশিকুর রহমান উচ্চশিক্ষায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য দুটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।
জানা গেছে, বড় ভাই আতিকুর রহমান ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাচ্ছেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডায়। অন্যদিকে তার যমজ ভাই আশিকুর রহমান পিএইচডি করবেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে। তারা দুজনই বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আতিকুর রহমান ২০১৭-১৮ এবং আশিকুর রহমান ২০১৮-১৯ সেশনে অধ্যয়ন করেন। ভিন্ন ব্যাচে পড়লেও একাডেমিক ফলাফলে দুজনই নিজ নিজ ব্যাচে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হওয়ার গৌরব অর্জন করেন। শিক্ষক ও সহপাঠীদের কাছে তারা মেধাবী, পরিশ্রমী এবং বিনয়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।
সহপাঠীদের ভাষ্য, ছোটবেলা থেকেই দুই ভাই পড়াশোনা ও গবেষণার প্রতি গভীর মনোযোগী ছিলেন। দীর্ঘদিনের প্রস্তুতি, একাডেমিক দক্ষতা ও অধ্যবসায়ের ফলেই তারা আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক অঙ্গনে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, এই দুই শিক্ষার্থীর অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তিনি উল্লেখ করেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে বিভাগের শিক্ষক ও গবেষকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, দেশে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার নানা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা মনে করছেন, আতিকুর ও আশিকুর রহমানের এই সাফল্য ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক সক্ষমতারও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বপ্ন, অধ্যবসায় ও সুযোগের সমন্বয়ে গড়ে ওঠা দুই ভাইয়ের এই অর্জন এখন বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের গর্বে পরিণত হয়েছে।