বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।
সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন মুশফিক। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেন তিনি। তৃতীয় দিনের চা বিরতির আগে ৯০ রানে অপরাজিত অবস্থায় পৌঁছে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বর্তমানে মুশফিকুর রহিমের মোট আন্তর্জাতিক রান ১৬ হাজার ১১। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন। দীর্ঘ ও ধারাবাহিক ক্যারিয়ারে তিনি করেছেন ২২টি সেঞ্চুরি এবং ৮৫টি হাফসেঞ্চুরি। প্রায় ৩৫ গড় নিয়ে তিনি খেলেছেন ৪৭৮টি আন্তর্জাতিক ম্যাচ।
বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। ৩৮৭ ম্যাচে তার সংগ্রহ ১৫ হাজার ১৯২ রান। তার ক্যারিয়ারে রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি।
এরপর রয়েছেন সাকিব আল হাসান, যিনি করেছেন ১৪ হাজার ৭৩০ রান। মাহমুদউল্লাহর সংগ্রহ ১১ হাজার ৪৭ রান এবং লিটন কুমার দাস করেছেন ৮ হাজার ৮৪১ রান। সিলেট টেস্টে ম্যাচের পরিস্থিতিতে দেখা যায়, পাকিস্তানের প্রথম ইনিংসের ২৩২ রানের জবাবে বাংলাদেশ করে ২৭৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ, যেখানে মুশফিকের দৃঢ় ব্যাটিং দলের অবস্থানকে আরও শক্ত করেছে।