চট্টগ্রামে গ্রাফিতি নিয়ে উত্তেজনা সড়কে সভা সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬

চট্টগ্রাম নগরের একটি ফ্লাইওভারের পিলার থেকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে সিএমপির প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার আওতায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের পাশের ফ্লাইওভারের পিলারে আঁকা কয়েকটি গ্রাফিতি মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

রাতেই দুই পক্ষের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে মুখোমুখি অবস্থান নেন এবং পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

সোমবার সকাল থেকে জিইসি মোড়, ওয়াসা, টাইগারপাস ও দেওয়ানহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ড দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।