সাতক্ষীরায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি, সানজিদুল হক  প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, জেলায় বর্তমানে ৪৩টি ভূমিসেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের সেবা প্রদান করা হচ্ছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় মোট ১৬টি স্টল থাকবে, যেখানে নাগরিকরা সরাসরি ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানও দেওয়া হবে।

তিনি আরও জানান, মেলার দ্বিতীয় দিনে ভূমি বিষয়ক সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনে বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।