সাতকানিয়ার গণধর্ষণ মামলার আসামি বহদ্দারহাট থেকে গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরীকে গণধর্ষণ ও যৌন নিপীড়নের মামলার ৫ নম্বর এজাহারনামীয় আসামি মো. জুবায়ের (২০)–কে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার জুবায়ের সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সন্দিপ্যা পাড়া এলাকার মো. জয়নাল ও আনোয়ারা বেগমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ তারিখে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/১০ ধারায় একটি মামলা (নং-১০/২০২৬) দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএম-এর নির্দেশনা এবং সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্তের পর রোববার বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ওসি জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার জুবায়েরকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।