রাজধানীতে মাথাবিহীন ৭ টুকরো মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

রাজধানীর মুগদা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির সাত টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানার মান্ডা এলাকার ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ওই বাড়ির বেজমেন্টে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, মরদেহটি সাত টুকরো করা অবস্থায় পাওয়া গেছে এবং পেটের অংশে গুরুতর ক্ষত রয়েছে। তবে মরদেহের মাথা এখনও পাওয়া যায়নি। দেহটি পচে গলে গেছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ছয় দিন আগে হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি টুকরো করে পলিথিনে ভরে বেজমেন্টে ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশ পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।