ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারি ও অবৈধ কার্যক্রমবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। রোববার দুপুরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুল হাকিম (৪৮) ও কালু মিয়া (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হাকিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে কালু মিয়া উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা।
পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে প্রসিকিউশন দাখিল করা হলে পেনাল কোড ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ২৫০ টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রেলওয়ে পুলিশ সুপার সিলেট রেঞ্জ জন্নাত আফরোজের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শাকিল জাহান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাতা শেখ আরিফ বিল্লাহ আজিজীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের স্বাভাবিক সেবা নিশ্চিত করতে এবং টিকিট কালোবাজারি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।