বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদনে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত জানিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে বলেছেন, তারা বিসিবি নির্বাচনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না।

তফসিল অনুযায়ী আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন স্থগিত চেয়ে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি রিট আবেদন করেন। রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানি হয়।

শুনানিতে আদালত জানান, বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনী প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবে না। এর ফলে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার পথ আরও সুস্পষ্ট হলো।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে আরেকটি রিট আবেদন করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ ১২ জন মিলে এ রিট দায়ের করেন।

আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত কয়েকজন নামও রয়েছে, যেমন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট। সব মিলিয়ে আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে আইনি জটিলতা তৈরি হলেও আদালতের সর্বশেষ অবস্থানে নির্বাচনের পথ এখন অনেকটাই পরিষ্কার বলে মনে করা হচ্ছে।