উঠানে পড়েছিল আলম মিয়ার গলাকাটা মরদেহ, যা জানা যাচ্ছে

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরে আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আলম মিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম মিয়া স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার গভীর রাতে তার স্ত্রী বাড়ির উঠানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলাকাটা অবস্থায় তিনি মাটিতে পড়ে ছিলেন।

স্বামীর এমন অবস্থা দেখে চিৎকার শুরু করলে তাদের ছেলে মো. আশরাফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলম মিয়াকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।