ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, লড়াই করছেন লিটন

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬

সিলেট টেস্টের প্রথম সেশনে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে দারুণভাবে ম্যাচে ফিরে আসে পাকিস্তান। একের পর এক উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলে সফরকারীরা। তবুও একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরে রেখেছেন লিটন কুমার দাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান। লিটন কুমার দাস ৮০ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন। অন্যদিকে তাইজুল ইসলাম ৩৫ বলে ১৫ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর অভিষিক্ত তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুমিনুল হক।

তবে নিজের প্রথম টেস্ট ইনিংস বড় করতে পারেননি তানজিদ। ৩৪ বলে ২৬ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এরপর ৪১ বলে ২২ রান করে খুররম শাহজাদের বলে বোল্ড হন মুমিনুলও। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম দলকে এগিয়ে নিতে থাকেন। তাদের দৃঢ় ব্যাটিংয়ে প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১০১ রান তোলে বাংলাদেশ।

কিন্তু লাঞ্চ বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয় সেশনের শুরুতেই আক্রমণাত্মক বোলিংয়ে বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। ৭৪ বলে ২৯ রান করে শান্ত কট আউট হন। এরপর ৬৪ বলে ২৩ রান করা মুশফিকুর রহিম এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৪ রান করে ফিরলে ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। তবে এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করছেন লিটন কুমার দাস। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম। দুজনের লড়াকু জুটিতে দ্বিতীয় সেশন শেষে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।