জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে মেটা। ‘ইনস্ট্যান্টস’ নামে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন বাছাই করা বন্ধু ও অনুসারীদের সঙ্গে কোনো ধরনের সম্পাদনা ছাড়াই সরাসরি ছবি শেয়ার করতে পারবেন।
এই ফিচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, প্রাপক ছবি দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফলে এটি তাৎক্ষণিক ও অস্থায়ীভাবে ছবি শেয়ারের নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইনস্ট্যান্টস’ এমন একটি ফিচার যা পূর্বপরিকল্পনা ছাড়া তোলা বাস্তব মুহূর্তের ছবি দ্রুত বন্ধুদের পাঠানোর সুবিধা দেয়। এতে কোনো ফিল্টার বা এডিট করার সুযোগ নেই, যাতে ব্যবহারকারীরা স্বাভাবিক ও অপ্রস্তুত মুহূর্তগুলোই শেয়ার করতে পারেন।
মেটা জানিয়েছে, মূল ইনস্টাগ্রাম অ্যাপের পাশাপাশি কিছু নির্বাচিত দেশে এই ফিচারের জন্য আলাদা একটি সহায়ক অ্যাপও চালু করা হয়েছে, যা আইওএস ও অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাবে।
ব্যবহারকারীরা শুধু তাদের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা বা যাদের তারা ফলো ব্যাক করেছেন, তাদের সঙ্গেই এই ছবি শেয়ার করতে পারবেন। শেয়ার করা ছবিগুলো ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ ইনবক্সের নিচের ডানদিকে ছোট ছবি আকারে দেখা যাবে।
সাধারণ পোস্ট বা স্টোরির মতো এসব ছবি স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে না। তবে যিনি ছবি পাঠান, তার ক্ষেত্রে এগুলো পুরোপুরি মুছে যাবে না। প্রেরকের জন্য একটি ব্যক্তিগত সংরক্ষণাগারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত রাখা হবে, যা শুধু তিনি দেখতে পারবেন। চাইলে সেখান থেকে পরে ছবিগুলো আবার স্টোরি আকারে শেয়ার করা যাবে।
এই ফিচারে প্রাপকরা ছবিতে প্রতিক্রিয়া জানাতে বা উত্তর দিতে পারবেন, যা সরাসরি বার্তা হিসেবে ইনবক্সে চলে যাবে। এছাড়া ভুল করে পাঠানো ছবি দ্রুত বাতিল করার জন্য ‘আনডু’ অপশনও রাখা হয়েছে।
ছবি তোলার পর কোনো ধরনের সম্পাদনা বা ফিল্টার ব্যবহার করা যাবে না। তবে পাঠানোর আগে ক্যাপশন যোগ করার সুযোগ থাকবে এবং ক্যাপশনটি ছবি খোলার আগেই স্ক্রিনে দেখা যাবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্ন্যাপচ্যাট ও বি-রিয়েলের মতো অ্যাপগুলোর জনপ্রিয়তা দেখে ইনস্টাগ্রাম এখন নিখুঁত ছবির চেয়ে বাস্তব ও সাময়িক যোগাযোগের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন জীবনের সাধারণ ও স্বাভাবিক মুহূর্তগুলো আরও বেশি শেয়ার করতে উৎসাহিত হবেন বলে ধারণা করা হচ্ছে।