কারিনা কায়সার মারা গেছেন

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬

লিভার–সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে তিনি বলেন, “ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে আর বাঁচানো গেল না।”

পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হন কারিনা কায়সার। পরে তার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

পরবর্তীতে গত সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল বলে জানা যায়।

কারিনা কায়সার ছিলেন প্রখ্যাত দাবাড়ু রানী হামিদের নাতনি। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তরুণ প্রজন্মের কাছে তিনি ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

তার অকালমৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।